Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে - Chief TV

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  30 views
স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে - Chief TV
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন জানান আলভী। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
 
এর আগে দুপুর দেড়টার দিকে তিনি আদালতে আসেন এবং শুনানির সময় কাঠগড়ায় গিয়ে দাঁড়ান।

শুনানিতে জাহের আলভীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ বেশ কয়েকজন আইনজীবী জামিনের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের তীব্র বিরোধিতা করে তাকে কারাগারে রাখার আবেদন জানান।
 
আলভীর জামিন আবেদনে দাবি করা হয়, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং প্রেমের বিয়ে হওয়ায় বাদীপক্ষ ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হয়রানিমূলক মামলা করেছেন।
 
এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের কাজে তিনি যখন নেপালে অবস্থান করছিলেন, ঠিক তখনই তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইকরাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মিরপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
 
উল্লেখ্য, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এই একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।

Share: