Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / মাধবপুর সীমান্তে ১০ হাজার টাকায় ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৩ - Chief TV

মাধবপুর সীমান্তে ১০ হাজার টাকায় ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৩ - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  27 views
মাধবপুর সীমান্তে ১০ হাজার টাকায় ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৩ - Chief TV
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল মোহনপুর এলাকা থেকে তাদের আটক করে।
 
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব, মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন এবং মোহনপুর গ্রামের রাহুল। সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যদের হাতে তারা ধরা পড়েন।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক উজ্জ্বল চন্দ্র দেব স্বীকার করেছেন যে ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি মোশারফ ও রাহুলের সহায়তা নিয়েছিলেন।
 
এই অবৈধ সীমান্ত পারাপারের জন্য তাদের মধ্যে ১০ হাজার টাকার চুক্তি হয়েছিল। আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে যে মাধবপুর সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Share: