Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / বালু উত্তোলন বিরোধে গাড়িতে অগ্নিসংযোগ, বিজেপি নেতাসহ নিহত ৩ - Chief TV

বালু উত্তোলন বিরোধে গাড়িতে অগ্নিসংযোগ, বিজেপি নেতাসহ নিহত ৩ - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  27 views
বালু উত্তোলন বিরোধে গাড়িতে অগ্নিসংযোগ, বিজেপি নেতাসহ নিহত ৩ - Chief TV
ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলায় বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের দেওয়া এই আগুনে গাড়ির ভেতরে আটকা পড়ে পুড়েই নির্মমভাবে মারা গেছেন তিনজন।
 
নিহতদের মধ্যে স্থানীয় বিজেপি নেতা ভরত সিং রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার নওগাইন গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবি, ভরত সিং বালু উত্তোলন সংক্রান্ত একটি চলমান বিরোধের মীমাংসা করতে ওই এলাকায় আলোচনা সভায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই তাদের বহনকারী গাড়িটি আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যা ও হত্যাচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে মোট নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার বালু উত্তোলনের আইনি চুক্তিটি ভরত সিংয়ের পরিবার পেয়েছিল।
 
তবে স্থানীয়দের দাবি, এই চুক্তির পর সোনহাট, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া ও ছিঙ্গুরাজুড়ে বালু পরিবহন এবং খনি কার্যক্রম থেকে অবৈধ অর্থ আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
 
ভরত সিংয়ের সমর্থকদের সাথে স্থানীয় বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে বেশ কয়েক মাস ধরে এই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল, যা শেষ পর্যন্ত এই ভয়াবহ রূপ নিল।

Share: