Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সারাদেশ / বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

2025-11-19  ডেস্ক রিপোর্ট  296 views
বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত তিনটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রপ্তানি হচ্ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম থেকে ইউএইভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে তিনটি ল্যান্ডিং ক্রাফট—মায়া, এসএমএস এমি ও মুনা—আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বর্তমানে কর্ণফুলী নদীর তীরে জাহাজগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরোপুরি ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী জাহাজগুলো তৈরি করা হয়েছে। এগুলো অফশোর কার্যক্রম, মালবাহী পরিবহন ও বিভিন্ন সমুদ্রব্যবসায়িক কাজে ব্যবহারের উপযোগী। হস্তান্তর শেষে এগুলো সরাসরি আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবে।

প্রতিটি ল্যান্ডিং ক্রাফটের দৈর্ঘ্য ৬৯ মিটার, প্রস্থ ১৬ মিটার এবং ড্রাফট ৩ মিটার। ব্যুরো ভেরিটাসের আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত জাহাজগুলো ঘণ্টায় ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রায় ৭০০ বর্গমিটারের ক্লিয়ার ডেক স্পেস থাকায় ভারী সরঞ্জাম ও বাল্ক কার্গো পরিবহনের জন্য উপযুক্ত।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, আন্তর্জাতিক বাজারে আবারও বাংলাদেশে তৈরি জাহাজের চাহিদা বাড়ছে। তিনটি ল্যান্ডিং ক্রাফট রপ্তানি আমাদের জন্য ব্যবসায়িক অর্জনের পাশাপাশি দেশের জাহাজ শিল্পের জন্যও উৎসাহব্যঞ্জক একটি ঘটনা।


Share: