Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘পূজায়ন’-এর ৪র্থ বর্ষপূর্তি - Chief TV

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘পূজায়ন’-এর ৪র্থ বর্ষপূর্তি - Chief TV

2026-07-11  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  2 views
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘পূজায়ন’-এর ৪র্থ বর্ষপূর্তি - Chief TV
বর্ণাঢ্য উদ্বোধনী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতনী সংগঠন ‘পূজায়ন’-এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও সনাতনী গীতা পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, গীতা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের শুরুতেই মনোমুগ্ধকর উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হয়। নৃত্যশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

পরে জাতীয় সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ, অতিথিদের পরিচিতি ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. হোসেন। এতে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রী আশুতোষ দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, সনাতনী সমাজে ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও মানবিক আদর্শ বিকাশে ‘পূজায়ন’ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত সনাতনী গীতা পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Share: