ফুটবল বিশ্বকাপে মরক্কোর প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে চলতি বিশ্বকাপেও আফ্রিকার দলটির সব ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন তিনি।
তবে ফ্রান্সের কাছে মরক্কোর বিদায়ের পর আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। স্টেডিয়ামের গ্যালারিতেই চোখের জল ফেলতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নোরা চোখের পানি মুছছেন এবং পাশে থাকা এক ব্যক্তি তাকে সান্ত্বনা দিচ্ছেন। পুরো ম্যাচজুড়ে মরক্কোর লাল জার্সি পরে দলকে সমর্থন জানিয়েছেন তিনি।
মরক্কোর ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছাতেও তাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বস্টনের পথে তীব্র যানজটে আটকে যাওয়ার পর গাড়ি ছেড়ে হেঁটেই কিছুটা পথ পাড়ি দেন নোরা। শেষ পর্যন্ত খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে পৌঁছাতে সক্ষম হন তিনি।
শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে থেমে যায়। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স।
পরাজয়ের পরও মরক্কো দলের প্রশংসা করেছেন নোরা ফাতেহি। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াই ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন তিনি।
এদিকে, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারা।