Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন - Chief TV

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  27 views
বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন - Chief TV

দুর্দান্ত পারফরম্যান্সে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখানো লা ফুয়েন্তের শিষ্যরা শেষ মুহূর্তের গোলে নিশ্চিত করে কাঙ্ক্ষিত জয়। শেষ চারে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে প্রথম একাদশে সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দেন ফাবিয়ান রুইজ। ম্যাচের ৩০তম মিনিটে দানি ওলমোর শট থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি বলে দারুণভাবে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হওয়ায় গোলরক্ষকের আর কিছুই করার ছিল না।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় বেলজিয়াম। প্রথমার্ধের ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারে দুর্দান্ত ফিনিশিংয়ে উনাই সিমনকে পরাস্ত করে সমতায় ফেরান দলকে। চলতি টুর্নামেন্টে এটিই ছিল স্পেনের জালে প্রথম গোল।

বিরতির পর বড় ধাক্কা খায় বেলজিয়াম। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার জায়গায় গোলপোস্টের দায়িত্ব নেন তরুণ সেনে ল্যামেন্স।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই স্পেনের হয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। ৮৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ঠান্ডা মাথার শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে সেমিফাইনালে উঠে ফ্রান্সের বিপক্ষে মহারণের টিকিট নিশ্চিত করল ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।


Share: