Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ - Chief TV

বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  48 views
বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ - Chief TV

ভারতের তেলেঙ্গানায় ভিন্ন জাতে বিয়ে করায় এক নববধূকে স্বামীর বাড়ি থেকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। বিয়ের মাত্র দুই দিনের মাথায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানার পাপান্নাপেট মণ্ডলের এল্লাপুর গ্রামের বাসিন্দা প্রণয় গত ৬ জুলাই কাউডিপল্লী মণ্ডলের সালাবাতপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। দুজনই প্রাপ্তবয়স্ক হলেও ভিন্ন জাতের হওয়ায় শুরু থেকেই এই বিয়েতে আপত্তি জানিয়ে আসছিল তরুণীর পরিবার।

নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিয়ের পর নবদম্পতি স্থানীয় থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ দুই পরিবারের সদস্যদের ডেকে কাউন্সেলিং করে। এ সময় নববধূ পুলিশকে জানান, তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন এবং স্বামীর সঙ্গেই থাকতে চান।

প্রণয়ের মা শ্যামলার অভিযোগ, বিয়ের কারণে ক্ষুব্ধ কনের পরিবারের কয়েকজন সদস্য বুধবার (৮ জুলাই) চারটি গাড়ি নিয়ে এল্লাপুরে তাদের বাড়িতে হামলা চালায়। ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা সেখানে ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে বাধা দিতে গেলে প্রণয়ের মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সবাইকে হুমকি দেয়।

পরে তারা নববধূকে জোর করে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে।

ঘটনার পর প্রণয়ের পরিবার পাপান্নাপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের দাবি, অভিযোগের পরও নববধূকে উদ্ধার বা জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নববধূকে উদ্ধারের চেষ্টা চলছে। তাকে উদ্ধার করার পর তার জবানবন্দি নেওয়া হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে তাকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: