Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুর্ধর্ষ চুরি: গায়েব সচিবের ল্যাপটপ - Chief TV

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুর্ধর্ষ চুরি: গায়েব সচিবের ল্যাপটপ - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  30 views
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুর্ধর্ষ চুরি: গায়েব সচিবের ল্যাপটপ - Chief TV
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আরেকটি জায়গায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলা থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত দাপ্তরিক ল্যাপটপটি চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে হাই-সিকিউরিটি জোনের এই ভবনে চুরির ঘটনাটি ঘটে।
 
উল্লেখ্য, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ১৬ তলাতেই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মূল দপ্তর অবস্থিত। এমন একটি সংরক্ষিত এলাকা থেকে ল্যাপটপ গায়েব হওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম প্রশ্ন উঠেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া ল্যাপটপটি এইচপি (HP) ব্র্যান্ডের। এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব (পিএস) মো. ইমামুল হাফিজ নাদিম তার গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে ব্যবহার করতেন।
 
ঘটনার দিন দুপুরে পিএস ইমামুল হাফিজ তার টেবিল পরিদর্শনে মাত্র ৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কক্ষে প্রবেশ করেন। ৫ মিনিট পর ফিরে এসে তিনি স্তম্ভিত হয়ে যান এবং দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি উধাও। ঘটনার সময় ওই তলায় বিদ্যুৎ ছিল না এবং কক্ষের বাইরে বেশ লোকসমাগম ছিল।
 
তাৎক্ষণিকভাবে পুরো ভবনে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটির কোনো সন্ধান মেলেনি। আশংকা করা হচ্ছে, চুরি হওয়া ল্যাপটপটিতে মন্ত্রণালয়ের প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ও গোপন নথি থাকতে পারে।

এদিকে ঘটনার পর পর ভবনের নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। ফুটেজে দেখা যায়, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে ওই দপ্তর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছেন।
 
ধারণা করা হচ্ছে, ওই ব্যাগের ভেতরেই লুকিয়ে ল্যাপটপটি পাচার করা হয়েছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, চুরির বিষয়টি টের পাওয়ার সাথে সাথেই তারা উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করেছিলেন।
 
তবে পুরো ভবনের নিরাপত্তার জন্য মাত্র ২২ জন আনসার সদস্য নিয়োজিত থাকায় এবং জনবল সংকটের কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। ঘটনার পর থেকে পুরো মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Share: