ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকি আক্তার নামে এক নারী। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার নলছিটি শহরের সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। তিনি জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান লাকি আক্তার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।