Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক - Chief TV

কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  27 views
কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক - Chief TV

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে দক্ষিণ গোড়ান আলিয়া মাদ্রাসা সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই মো. চান মিয়া জানান, প্রায় আট মাস আগে কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা ও পেশায় ফুড ডেলিভারি রাইডার সাইফুল ইসলামের সঙ্গে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পরে সাইফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন। এরপর স্বজনরা বাসায় গিয়ে রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় দাগ দেখতে পান তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে খিলগাঁও থানা পুলিশ।


Share: