Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / চার্জ দেওয়ার টাকা না থাকায়, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট - Chief TV

চার্জ দেওয়ার টাকা না থাকায়, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  33 views
চার্জ দেওয়ার টাকা না থাকায়, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট - Chief TV

চীনের সিচুয়ান প্রদেশে দেখা মিলেছে এক অদ্ভুত দৃশ্যের। কোনো মানুষ নয়, বরং একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটকে ফুটপাতে হাঁটু গেড়ে বসে পথচারীদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে। রোবটটির দাবি, নিজের ব্যাটারি চার্জ দেওয়ার মতো অর্থ নেই, তাই বিদ্যুৎ বিল পরিশোধে মানুষের সহযোগিতা প্রয়োজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, চেংদু শহরের একটি ব্যস্ত সড়কের পাশে রোবটটিকে হাতজোড় করে বসে থাকতে দেখা যায়। পথচারীদের আকৃষ্ট করতে এটি বারবার মাথা নিচু করে অনুনয়ের ভঙ্গি করছিল। পাশে রাখা ছিল অনুদানের পাত্র এবং ডিজিটাল পেমেন্টের জন্য একটি কিউআর কোড।

রোবটটির এলইডি ডিসপ্লে ও লাউডস্পিকারে চীনা ভাষায় বলা হচ্ছিল, “রিচার্জ করার মতো কোনো টাকা নেই, দয়া করে বিদ্যুৎ বিল দিতে সাহায্য করুন।”

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফিউচারিজম জানিয়েছে, ভাইরাল হওয়া এই রোবটটি চীনের রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রির তৈরি ‘ইউনিট্রি জি১’ মডেলের হিউম্যানয়েড রোবট। এর আগে একই মডেলের একটি রোবট ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরীতে সফলভাবে আরোহণ করে আলোচনায় এসেছিল।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এখন মানুষের কর্মক্ষেত্র ছাড়িয়ে দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে-০১ জানিয়েছে, চীনের বেইজিং, চেংদু ও ফুঝোসহ বিভিন্ন শহরে একই ধরনের আরও কয়েকটি রোবটকে মানুষের কাছ থেকে অনুদান চাইতে দেখা গেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের ধারণা, এটি কোনো প্রতিষ্ঠানের পরিকল্পিত বিপণন কৌশল, পারফরম্যান্স আর্ট অথবা মানুষ ও রোবটের পারস্পরিক সম্পর্ক বোঝার একটি সামাজিক পরীক্ষাও হতে পারে। ভিডিওতে দেখা যায়, অনেক পথচারী রোবটটির পাশে রাখা পাত্রে কয়েন ফেলছেন এবং কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে অর্থও দিচ্ছেন।

তবে এই উদ্যোগের পেছনে কারা রয়েছে বা এটি কোনো প্রচারণার অংশ কি না, সে বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করেনি।


Share: