Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বুবি নন, তিনি বগুড়ার ওয়াহিদা! যেভাবে মিলল পরিচয়... - Chief TV

বুবি নন, তিনি বগুড়ার ওয়াহিদা! যেভাবে মিলল পরিচয়... - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  24 views
বুবি নন, তিনি বগুড়ার ওয়াহিদা! যেভাবে মিলল পরিচয়... - Chief TV
১৫ বছর পর মিলল পরিচয়, নরসিংদীতে নির্যাতনে নিহত বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বগুড়ার ওয়াহিদা বেগম।

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ‘বুবি’ নামে পরিচিত বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধার প্রকৃত পরিচয় অবশেষে মিলেছে।
 
সম্প্রতি পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃ/ত্যুবরণ করা ওই বৃদ্ধার আসল নাম ওয়াহিদা বেগম। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ডাকঘরের ঘোষ শাখাটিয়া গ্রামের মৃ/ত রহিম উদ্দিনের মেয়ে।

শনিবার (১১ জুলাই) দুপুরে নি/হ/ত বৃদ্ধার কবর জিয়ারত করতে রায়পুরায় আসেন তার ছোট বোনের জামাতা সৈকত। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্যাতনের পর হত্যার খবর ও ছবি তার নজরে আসে।
 
পরে ছবিটি পরিবারের সদস্যদের দেখালে তার স্ত্রী রাবেয়া খাতুন নিজের খালাকে শনাক্ত করেন। এরপর পরিবারের অন্য সদস্যরাও নিশ্চিত হন যে, নিহত ওই নারীই তাদের দীর্ঘদিনের নিখোঁজ স্বজন ওয়াহিদা বেগম।
 
স্বজনদের ভাষ্য, বহু বছর আগে ওয়াহিদা বেগম বাড়ি ছেড়ে বের হয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ ১৫ বছর ধরে তারা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
 
অবশেষে মৃত্যুর সংবাদ ও প্রকাশিত ছবি দেখে তার পরিচয় নিশ্চিত হওয়ায় একদিকে যেমন স্বজনদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে, অন্যদিকে নির্মম এই হত্যাকাণ্ড তাদের শোক আরও বাড়িয়ে দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদা বেগমের স্বামী অনেক আগেই মা/রা যান। তাদের একটি কন্যাসন্তান জন্ম নিলেও কয়েকদিনের মধ্যেই শিশুটি মারা যায়। চার ভাই ও চার বোনের সংসারে দুই ভাই আগেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তার তিন বোন জীবিত রয়েছেন।

নিহতের স্বজনরা জানান, ওয়াহিদা বেগমকে যারা নির্যাতন করে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন অসহায় অবস্থায় তাকে আশ্রয় ও সহযোগিতা দেওয়ায় স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, নিহত বৃদ্ধার পরিচয় নিশ্চিত করতে আত্মীয়স্বজন একটি পুরোনো ছবি নিয়ে আসেন এবং কবর জিয়ারত করেন।
 
মেথিকান্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তাদের পরিচয় সংরক্ষণ করেছেন, যাতে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে প্রায় ৮০ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়।
 
দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

Share: