পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালির অভিযোগে বাবলু হাচান (২৮) নামে এক যুবককে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তার পরনে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি, যা ঘটনাস্থলে উপস্থিত মানুষের নজর কাড়ে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবলু হাচান উপজেলার চত্রা গ্রামের মো. মোশারেফ হাওলাদারের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাধারণ মানুষকে হয়রানির সময় বাবলুকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করলে মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বলেন, ভূমি অফিসে দালাল চক্রের কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।