সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল দেওয়ার সময় দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ওই সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান সদস্যরা।
এ সময় তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে নিরাপত্তার স্বার্থে এবং গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়ে। একপর্যায়ে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেননি। তবে গুলির ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।