Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / একে অপরের বিরুদ্ধে মামলা, শেষমেশ স্বামী-স্ত্রী দুজনই কারাগারে - Chief TV

একে অপরের বিরুদ্ধে মামলা, শেষমেশ স্বামী-স্ত্রী দুজনই কারাগারে - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  26 views
একে অপরের বিরুদ্ধে মামলা, শেষমেশ স্বামী-স্ত্রী দুজনই কারাগারে - Chief TV
ফেনীতে পারস্পরিক মামলার জেরে স্বামী ও স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ফেনীর সোনাগাজীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে এ আদেশ দেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর দাম্পত্য কলহের একপর্যায়ে সুমন অভিযোগ করেন, তার স্ত্রী চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। এ ঘটনায় তিনি আদালতে চুরির মামলা দায়ের করেন।

অন্যদিকে, দাম্পত্য জীবনে বিরোধের জেরে নাসিমা আক্তার স্বামী সুমন এবং তার বাবা-মাকে আসামি করে যৌতুক নিরোধ আইনে পৃথক একটি মামলা করেন। দুটি মামলাই একই আদালতের বিচারাধীন থাকায় বিচারক উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন। তবে সমঝোতা না হওয়ায় নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন।

শুনানি শেষে আদালত উভয় মামলার প্রেক্ষাপটে স্বামী ও স্ত্রী দুজনকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পারস্পরিক বিরোধের মামলায় আদালতের নির্দেশে স্বামী ও স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

 

Share: