নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গতকাল বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা চলে যাওয়ার পর আজ সকালে এসে তারা দেখতে পান, বিদ্যালয়ের সামনে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।
নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, “গতকাল বিদ্যালয় ছুটির সময় সবকিছু বন্ধ করে আমরা চলে যাই। আজ সকালে এসে দেখি বিদ্যালয়ের সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”