কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছয় পাতার একটি চিরকুটও জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১০ জুলাই) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, কুলিয়ারচর উপজেলার কামালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন গত ৩০ জুন ভৈরবের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হোটেল কর্মচারী কক্ষের ভাড়া নেওয়ার জন্য দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি।
পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোটেলের কর্মচারী। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছয় পাতার চিরকুটে ব্যক্তিগত সম্পর্ক ও দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে বিভিন্ন অনুভূতির কথা লেখা রয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু এবং মৃত্যুর ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি অপরিচিত নম্বর থেকে মিসড কলের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আনোয়ারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আনোয়ার ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে জনবল পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিদেশে লোক পাঠানো সংক্রান্ত একটি মামলায় কয়েক মাস কারাগারে থাকার সময় ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।
ভৈরব থানার ওসি লিমন বোস জানান, উদ্ধার হওয়া চিরকুটসহ সব আলামত পরীক্ষা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।