ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক ইস্যুকে কেন্দ্র করে স্থবির রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা দুই দেশের সামগ্রিক সম্পর্কের পথে বাধা হওয়া উচিত নয়।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশে বিচার দাবি রয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে তাকে ফেরত না দিলেও বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব বলেন, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যৌথ প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন, সীমান্তে হত্যাকাণ্ডসহ অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিবেশে প্রতিশোধ নয়, সমঝোতা ও স্থিতিশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
নতুন সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণের চাপ মোকাবিলা করেই কাজ শুরু করতে হবে। মেগাপ্রকল্পগুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী কার্যকর প্রকল্প চালু রাখা হবে।