Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / স্ত্রীকে ন্যাড়া করে প্রস্রাব পান করানোর অভিযোগ, স্বামীর নির্মম নির্যাতনে - Chief TV

স্ত্রীকে ন্যাড়া করে প্রস্রাব পান করানোর অভিযোগ, স্বামীর নির্মম নির্যাতনে - Chief TV

2026-06-19  ডেস্ক রিপোর্ট  101 views
স্ত্রীকে ন্যাড়া করে প্রস্রাব পান করানোর অভিযোগ, স্বামীর নির্মম নির্যাতনে - Chief TV

ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় এক নারীর ওপর স্বামীর কথিত নৃশংস নির্যাতনের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। 

অভিযোগ উঠেছে, স্বামী তার স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর, মাথা ন্যাড়া করা, মুখে কালি ও ইঞ্জিন অয়েল মাখিয়ে অপমান করার পাশাপাশি সন্তানদের সামনেই তাকে জোরপূর্বক প্রস্রাব পান করাতে বাধ্য করেছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রায় ১৫ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে জিতেন্দ্র ঘাসিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ, আর্থিক সংকট এবং শারীরিক-মানসিক নির্যাতনের কারণে তিনি সন্তানদের নিয়ে আলাদা বসবাস শুরু করেন এবং জীবিকা নির্বাহের জন্য গৃহকর্মীর কাজ করতেন।

নারীর ভাষ্য অনুযায়ী, গত ১৪ জুন তিনি এক পরিচিত ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। 

তিনি দাবি করেন, চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশের পর তাকে বেঁধে মারধর করা হয়, মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং মুখে কালি ও তেল মাখিয়ে অপমান করা হয়।

সবচেয়ে ভয়াবহ অভিযোগ হলো, তাকে জোরপূর্বক প্রস্রাব পান করানো হয় এবং জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী আরও দাবি করেন, ঘটনার সময় তাদের সন্তানদেরও ব্যবহার করা হয়েছে। সন্তানদের দিয়ে তাকে চড় মারানো এবং অপমানজনক আচরণে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত স্বামীকে স্ত্রী সম্পর্কে নানা অভিযোগ তুলতে দেখা যায়। তবে ভুক্তভোগী নারী এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিয়ের পর থেকেই তাকে সন্দেহ করা হতো এবং নিয়মিত নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার পর নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে। পরে ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর মামলায় আরও গুরুতর অভিযোগ যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কোরিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরেশা চৌবে জানিয়েছেন, প্রথমদিকে নির্যাতন ও মারধরের অভিযোগ পাওয়া গেলেও ভিডিও সামনে আসার পর তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

নৃশংস এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি অনলাইনেও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।


Share: