নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রমের উদ্বোধন করেন, সহায়তাপ্রাপ্তদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বসবাসের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের শিক্ষা সম্প্রসারণে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।