ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সদস্যরা আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।