Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

2026-06-21  ডেস্ক রিপোর্ট  67 views
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন 'স্পার্ক ভিশন লিমিটেড' কারখানা ও গুদামে সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’ বলে দাবি করেছে স্থানীয় উপজেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসদরের রহমতগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত ওই কারখানায় লুটপাটের ঘটনা ঘটে। কারখানার দায়িত্বরত পাহারাদারের ভাষ্যমতে, ৬০ থেকে ৭০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ব্যক্তি কারখানায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর গুদামের তালা ভেঙে বিভিন্ন সামগ্রী ও লোহার মালামাল দুটি পিকআপে করে নিয়ে চলে যায়।

এই ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গোষ্ঠী বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশে পরিকল্পিতভাবে এ ধরনের নাটকীয় ঘটনা ঘটাচ্ছে। পুরো ঘটনাটিকে তারা অত্যন্ত রহস্যজনক বলে উল্লেখ করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে কারখানার ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


Share: