Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ লাখের বেশি ভোটার - Chief TV

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ লাখের বেশি ভোটার - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  122 views
পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ লাখের বেশি ভোটার - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় শেষ হয় বলে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ

প্রবাসী ভোটারদের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সৌদি আরবে, যেখানে ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নাম নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২ জন), কাতার (৭৬ হাজার ১৩৯ জন) এবং ওমান (৫৬ হাজার ২০৭ জন)

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে সর্বোচ্চ ২ লাখ ৭ হাজার ৯৪৩টি ব্যালট।

দেশের ভেতরের পোস্টাল ভোট

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার। জেলা ভিত্তিক হিসেবে শীর্ষে রয়েছে কুমিল্লা—এখানে নিবন্ধন করেছেন ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) এবং চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)

আসনভিত্তিক নিবন্ধনে এগিয়ে রয়েছে ফেনী-৩ আসন, যেখানে নিবন্ধিত ভোটার ১৬ হাজার ৯৩ জন। এরপর চট্টগ্রাম-১৫ আসনে নিবন্ধন করেছেন ১৪ হাজার ৩০১ জন

ইসির বক্তব্য ও নির্দেশনা

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার (৬ জানুয়ারি) জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তাঁর ভাষায়, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

তিনি বলেন, যেসব ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, তারা ১০ জানুয়ারির মধ্যে ব্যালট হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব—এতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক ঠিকানা চেয়ে বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কারা নিবন্ধনের সুযোগ পেয়েছেন

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিজ নিজ দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পেরেছেন।


Share: