Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / মুস্তাফিজ ইস্যুতে শাহরুখ গাদ্দার - Chief TV

মুস্তাফিজ ইস্যুতে শাহরুখ গাদ্দার - Chief TV

2026-01-01  ডেস্ক রিপোর্ট  189 views
মুস্তাফিজ ইস্যুতে শাহরুখ গাদ্দার - Chief TV

আইপিএল নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের অর্থে দলে নেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এই ইস্যুতে তাকে প্রকাশ্যে আক্রমণ করে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম।

সম্প্রতি অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর। নিলামের পরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে দলে নেওয়ায় শাহরুখ খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সঙ্গীত সোম।

এক প্রতিক্রিয়ায় সঙ্গীত সোম হুঁশিয়ারি দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ভারতে খেলতে এলে বিমানবন্দর ছাড়িয়ে বাইরে বের হতে পারবেন না—এমন প্রতিজ্ঞার কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শাহরুখ খানকে লক্ষ্য করে কড়া ভাষায় তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসার কারণে আজ যে অবস্থানে শাহরুখ খান পৌঁছেছেন, সেই দেশকেই তিনি অবমাননা করছেন। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত দেশদ্রোহিতার শামিল।

সঙ্গীত সোম আরও অভিযোগ করেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। তার বক্তব্যে উঠে আসে, এই দেশে উপার্জিত অর্থ দিয়ে কখনও প্রতিবেশী দেশকে সুবিধা দেওয়া হচ্ছে, আবার কখনও বিদেশি খেলোয়াড়দের দলে নেওয়া হচ্ছে—যা তিনি মেনে নিতে নারাজ। তার ভাষায়, দেশে দেশদ্রোহীদের জন্য কোনো জায়গা থাকা উচিত নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহরুখ খানকে ঘিরে এমন বিতর্ক নতুন নয়। অতীতেও তার রাজনৈতিক অবস্থান কিংবা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিকবার বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এবার প্রকাশ্যে ‘গাদ্দার’ আখ্যা দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত রূপ নিয়েছে।


Share: