আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ শুরু হয়েছে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এ আপিল আবেদন গ্রহণ করা হবে।
এ সময়ের মধ্যে সংক্ষুব্ধ কোনো প্রার্থী ছাড়াও সংশ্লিষ্ট কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন।
আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিকভাবে সেখানে মোট ১০টি বুথ চালু করা হয়েছে।
খুলনা অঞ্চলের (মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা) আপিল গ্রহণ করা হবে ১ নম্বর বুথে।
রাজশাহী অঞ্চলের (জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা) আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ২ নম্বর বুথ।
রংপুর অঞ্চলের (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা) আপিল গ্রহণ করা হবে ৩ নম্বর বুথে।
চট্টগ্রাম অঞ্চলের (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জন্য রয়েছে ৪ নম্বর বুথ।
কুমিল্লা অঞ্চলের (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) আপিল দাখিল করা যাবে ৫ নম্বর বুথে।
সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) আবেদন গ্রহণ করবে ৬ নম্বর বুথ।
ঢাকা অঞ্চলের (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ) আপিল জমা নেওয়া হবে ৭ নম্বর বুথে।
ময়মনসিংহ অঞ্চলের (জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা) জন্য নির্ধারিত ৮ নম্বর বুথ।
বরিশাল অঞ্চলের (বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর) আপিল দাখিল করা যাবে ৯ নম্বর বুথে।
ফরিদপুর অঞ্চলের (রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) মনোনয়নপত্র সংক্রান্ত আপিল গ্রহণ করবে ১০ নম্বর বুথ।
উল্লেখ্য, রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় সারাদেশে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে। ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল হওয়া আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।