Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / লাঙ্গল প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ - Chief TV

লাঙ্গল প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ - Chief TV

2026-02-02  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  280 views
লাঙ্গল প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ - Chief TV

সৈয়দপুর–কিশোরগঞ্জ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দপুর–কিশোরগঞ্জের মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও দলমত নির্বিশেষে জনগণ আমার পাশে ছিলেন। সেই ভালোবাসার প্রতিদান দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি প্রার্থী হয়েছি। এবারের প্রতীক লাঙ্গল। আমি শুধু দলীয় নয়, সব মানুষের জন্য কাজ করতে চাই।”

তিনি অভিযোগ করেন, নিজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, কর্মীদের হয়রানি করছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের কাছে একটি মব সৃষ্টি করে তার গাড়িবহরের পথ রোধ করা হয় এবং হামলা ও ভাঙচুর চালানো হয়।

তিনি আরও বলেন, “আমার নিরাপত্তায় সরকারি অনুমোদনপ্রাপ্ত একজন লাইসেন্সধারী গানম্যান রয়েছেন, যিনি সেনাবাহিনীর সাবেক সদস্য। তার বৈধ অস্ত্রকে অবৈধ প্রমাণের চেষ্টা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি জানান, মহান আল্লাহর রহমতে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি ও তার সঙ্গে থাকা কেউ গুরুতরভাবে আহত হননি। ঘটনার পর কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। ন্যায়ের পক্ষে আপনাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে সব সময় আমার পাশে ছিলেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন—এই প্রত্যাশা করি।”


Share: