রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা রোডে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই 'বই উৎসব' ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচালক জনাব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোছাঃ আজিজা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সতীশ চন্দ্র এবং নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক জনাব মোঃ এনামুল হক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল থেকেই নতুন বই পাওয়ার আনন্দে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় কোমলমতি শিক্ষার্থীরা। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন। একই সাথে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নতুন বই আর কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেয়ে খুদে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে।
"বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সুশিক্ষিত জাতি গঠনের একটি বড় ধাপ। নতুন বই শিশুদের জ্ঞানার্জনে আরও উৎসাহিত করবে।" অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আশরাফুল ইসলাম সকল শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।