Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / আপিল করলেন হিরো আলম - Chief TV

আপিল করলেন হিরো আলম - Chief TV

2026-01-01  ডেস্ক রিপোর্ট  150 views
আপিল করলেন হিরো আলম - Chief TV

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বগুড়া–৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় এবার আপিলের পথে হাঁটলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি ঢাকায় এসে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

হিরো আলম নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তিনি আপিল দাখিল করেছেন।

আমজনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া লিখিত আবেদনে হিরো আলম উল্লেখ করেন, তিনি আশরাফুল হোসেন আলম নামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গত ২৯ ডিসেম্বর বগুড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।

আবেদনে তিনি জানান, ওই সময় কার্যালয়ে প্রচণ্ড ভিড় থাকায় বিকেল ৫টার নির্ধারিত সময়ের দুই মিনিট পর সেখানে পৌঁছান। সময় অতিক্রান্ত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানান। বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

হিরো আলম তার আবেদনে আরও উল্লেখ করেন, এর আগে তিনি চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেই অভিজ্ঞতা ও ন্যায়বিচারের স্বার্থ বিবেচনা করে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান।

আপিল আবেদনের বিষয়ে আশাবাদী হিরো আলম জানান, তিনি বিশ্বাস করেন যে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।


Share: