Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ - Chief TV

গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  137 views
গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ - Chief TV

রাজধানীর শনির আখড়া এলাকার পলাশপুরে তিতাস গ্যাসের উচ্চচাপবিশিষ্ট ঝুঁকিপূর্ণ গ্যাসলাইন উচ্ছেদে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। অবৈধভাবে নেওয়া এই সংযোগ যেকোনো সময় বিস্ফোরণ ঘটিয়ে জানমালের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

বুধবার এক বার্তায় তিতাস জানায়, গত ১২ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, দনিয়া টিবিএস থেকে ঢাকামুখী সিটি সেন্ট্রাল ডিআরএসগামী উচ্চচাপবিশিষ্ট ১৬ ইঞ্চি ব্যাসের (১৫০ পিএসআইজি) মূল গ্যাসলাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চির একটি সংযোগ নেওয়া হয়েছে। ওই লাইনের মাধ্যমে এলাকাবাসী অবৈধভাবে আবাসিক গ্যাস ব্যবহার করে আসছেন।

বার্তায় আরও বলা হয়, অভিযান চলাকালে অবৈধ লাইনটি অপসারণের সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এতে তিতাসের কয়েকজন কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ সময় এক কর্মকর্তার মোবাইল ফোন ভাঙচুর এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উচ্চচাপবিশিষ্ট ঝুঁকিপূর্ণ ওই বিতরণ লাইন উচ্ছেদ না করেই অভিযানিক দলটি স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

প্রতিষ্ঠানটি জানায়, এমন পরিস্থিতিতে সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পলাশপুর এলাকার বাসিন্দাদের ওই অবৈধ লাইন থেকে গ্যাস সংযোগ না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই উচ্চচাপবিশিষ্ট অবৈধ লাইন থেকে গ্যাস গ্রহণের ফলে কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটলে তার দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বহন করবে না।


Share: