Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ - Chief TV

ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  137 views
ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ - Chief TV

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট জমার পরিমাণ ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সিআইডির উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করে তাতে থাকা অর্থ বাজেয়াপ্তের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ তদন্তাধীন রয়েছে।

তদন্তকালে ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব পর্যালোচনায় একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসে অর্থায়ন এবং সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে উল্লেখিত সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হয়।

আবেদনে আরও বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধিত ২০১৫) এর ১৪ ধারায় হিসাব অবরুদ্ধকরণ এবং ১৭(২) ধারায় অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা জরুরি। অন্যথায় মামলার নিষ্পত্তির আগেই এসব হিসাবের অর্থ স্থানান্তর বা আত্মসাতের আশঙ্কা রয়েছে।


Share: