নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও সরাসরি সম্প্রচার করবে।
আজ সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন। দুপুর ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন। এরপর নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুর সোয়া ১২টায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করেন।
দপ্তর সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তারেক রহমান। এ সময় ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ নেন।