নওগাঁ ও সান্তাহার জংশন এলাকায় রাত্রিকালীন অপরাধ এবং সড়কে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ মহড়া শুরু হয়েছে। এ মহড়ায় অংশ নিচ্ছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সান্তাহার রেলওয়ে পুলিশ এবং বগুড়া জেলার আদমদীঘি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা নওগাঁ শহর অথবা বগুড়ার আদমদীঘি এলাকায় যাওয়ার পথে সিএনজি ও রিকশায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন—এমন অভিযোগ প্রায়ই পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার নিজে সম্ভাব্য অপরাধপ্রবণ এলাকা পরিদর্শন করেন এবং সেখানে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সান্তাহার থেকে নওগাঁগামী সড়কে ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি সাধারণ জনগণকে অপরাধীদের ভয় না পেয়ে সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, সড়কে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে হবে। প্রয়োজনে ট্রিপল নাইন (৯৯৯) অথবা নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ জানান। কন্ট্রোল রুমের নম্বর: +৮৮০ ১৩২০-১২৪৪৯৮।
তিনি বলেন, নওগাঁ জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।