Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / খেলা নিয়ে বিরোধে ছাত্রকে হাতুড়িপেটা - Chief TV

খেলা নিয়ে বিরোধে ছাত্রকে হাতুড়িপেটা - Chief TV

2026-06-17  ডেস্ক রিপোর্ট  35 views
খেলা নিয়ে বিরোধে ছাত্রকে হাতুড়িপেটা - Chief TV

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজে এই ঘটনা ঘটে।

আহত আরাফাত ইসলাম নয়ন টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় নয়নের বাবা খালিদ শেখ মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন— উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের এবং বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন ও রাকিব।

আহতের বাবা খালিদ শেখ জানান, কয়েক মাস আগে স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা হয়েছিল। খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মুরুব্বি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, মারধরের ঘটনায় খালিদ শেখ নামে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: