Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / কালো পতাকা মিছিলের সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের

কালো পতাকা মিছিলের সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের

2025-10-18  ডেস্ক রিপোর্ট  195 views
কালো পতাকা মিছিলের সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা সাত দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার না ছাড়ার অঙ্গীকার করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা।

আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার দুপুরে তারা কালো পতাকা মিছিলের আয়োজন করেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারিতে বিলম্বের প্রতিবাদেই শুক্রবার থেকে শিক্ষক-কর্মচারীরা অনশন শুরু করেছেন।

অধ্যক্ষ আজিজী আরও জানান, প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য মানুষ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ন্যায্য দাবি আদায় না করে আমরা শহীদ মিনার ত্যাগ করব না। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের মাধ্যমে আমরা রাষ্ট্রের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানাব।”

দেলাওয়ার আজিজী আরও বলেন, “যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না। শহীদ মিনারই এখন আমাদের ঠিকানা।”


Share: