মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। এছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বিলম্ব ফিসহ ২৪ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ফরম পূরণসংক্রান্ত ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ সময় ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা।
লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল।