গড়েয়ায় জমি জবরদখল, হয়রানি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মজিবর রহমান নামের একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শহরের আমাদের বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবারটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মজিদ জানান, অভিযুক্ত মজিবর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আওয়ামী লীগ এর সহ-সভাপতি। তিনি বিগত সরকারের সময় একজন অত্যাচারী ও অসাধু নেতা হিসেবে পরিচিত ছিলেন। ভুক্তভোগী পরিবারটির জমি জবরদখলের ঘটনা ঘটলেও অভিযুক্ত মজিবর রহমান এখনও স্থানীয় পর্যায়ে হুমকি ধামকি ও নানা প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
আব্দুল মজিদ আরও জানান, পূর্বে তারা বিষয়টি সালিশে নেন, কিন্তু অভিযুক্ত মজিবর রহমান এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান (যিনি একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি) ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্যকে পাশবিক নির্যাতনের শিকার করেন।
ভুক্তভোগী পরিবারের মতে, আরও অনেকেই অভিযুক্ত মজিবরের অত্যাচারের শিকার হচ্ছেন। তাই তারা এ ধরনের অনিয়ম থেকে মুক্তি পেতে এবং আইনি সহায়তা গ্রহণের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন।