Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ৬ লাখের বেশি প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ - Chief TV

৬ লাখের বেশি প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  241 views
৬ লাখের বেশি প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মোট ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে এ পর্যন্ত পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটারও নিবন্ধিত হয়েছেন।

সালীম আহমাদ খান জানান, আগামী ১০ জানুয়ারির মধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, যেসব প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে, তাদের ব্যালটের গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করা হতে পারে।

তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর আগেই অধিকাংশ প্রবাসী ভোটারের হাতে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন আশাবাদী।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আরও ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বাধিক ব্যালট পাঠানো হয়েছে সিঙ্গাপুরে—১৭ হাজার ৭৫৯টি এবং সৌদি আরবে—১২ হাজারটি।


Share: