Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ঈদ আয়োজনে নতুন চমক ‘আম্মাজান’ - Chief TV

ঈদ আয়োজনে নতুন চমক ‘আম্মাজান’ - Chief TV

2026-05-21  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  130 views
ঈদ আয়োজনে নতুন চমক ‘আম্মাজান’ - Chief TV

কোরবানি ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে আবেগঘন একক নাটক ‘আম্মাজান’। নাটকটিতে প্রথমবারের মতো মা-ছেলের চরিত্রে দেখা যাবে গুণী অভিনেত্রী ডলি জহুর ও তরুণ অভিনেতা রাসেল মিয়াকে।

নাটকটির গল্প ও সংলাপ লিখেছেন বরেণ্য নির্মাতা কাজী হায়াত। পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। পারিবারিক আবেগ, মায়ের প্রতি সন্তানের টান এবং হারিয়ে ফেলার বেদনা মিলিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

গল্পে উঠে এসেছে এক মানসিকভাবে বিপর্যস্ত সন্তানের জীবনের নানা টানাপোড়েন। মাকে হারানোর শোক তাকে ধীরে ধীরে অন্য এক জগতে নিয়ে যায়। সেই আবেগঘন যাত্রাই ফুটে উঠবে ‘আম্মাজান’-এ।

নাটকটি নিয়ে রাসেল মিয়া বলেন, এই কাজটি আমার জন্য অনেক বিশেষ। কারণ, ডলি জহুর আপার মতো একজন কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো, আমরা দুজনেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানুষ।

পরিচালক মাইনুল হাসান খোকনের ভাষায়, শুটিংয়ের সময় অনেক দৃশ্য ছিল, যেগুলো পুরো ইউনিটকে আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে মা-ছেলের কিছু মুহূর্ত সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

জানা গেছে, আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারের পর ইউটিউবেও প্রকাশ করা হবে।


Share: