বগুড়ার ধুনট থানা পুলিশ চোরাইকৃত দুটি গরু ও একটি ভুটভটি গাড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামাল বর্তমানে ধুনট থানার হেফাজতে রয়েছে।
এ ঘটনায় ধুনট থানায় মামলা নম্বর–১৪ ও ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত চোরাইকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি দেশি জাতের গাভী গরু। এর মধ্যে একটি মাটিয়া কালো রঙের মাঝারি আকৃতির গাভী, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা এবং অপরটি লাল রঙের, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এছাড়াও একটি তিন চাকা বিশিষ্ট স্টিয়ারিং সিস্টেমযুক্ত ভুটভটি গাড়ি উদ্ধার করা হয়েছে, যা শ্যালো মেশিন দ্বারা চালিত। গাড়িটির গায়ে ইংরেজিতে “CHANGCHAI L 32 DIESEL ENGINE”সহ বিভিন্ন লেখা রয়েছে। ভুটভটি গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
ধুনট থানা পুলিশ উদ্ধারকৃত গরু ও গাড়ির প্রকৃত মালিকের সন্ধান চেয়েছে। কোনো ব্যক্তি যদি উক্ত গরু ও গাড়ির মালিকানা দাবি করেন, তবে প্রয়োজনীয় বৈধ প্রমাণপত্রসহ ধুনট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত মালিক শনাক্ত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, চোরাইকৃত দুটি গরু উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রকৃত মালিককে সঠিক পরিচয় ও মালিকানার প্রমাণসহ নির্ধারিত সময়ের মধ্যে গরু ও গাড়ি বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।