Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সাবেক নেতা জাহেদ গ্রেপ্তার - Chief TV

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সাবেক নেতা জাহেদ গ্রেপ্তার - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  27 views
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সাবেক নেতা জাহেদ গ্রেপ্তার - Chief TV
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জিরা লুটের মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।
 
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন জিরাবাহী একটি কাভার্ডভ্যান শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ ৩-৪ জন দুষ্কৃতকারী গাড়ির গতিরোধ করে।
 
এ সময় তারা ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশের ভয় দেখিয়ে জিম্মি করে ১৬০ বস্তা জিরা, নগদ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং জিরাবাহী গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। পরে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেল্পারকে নামিয়ে দিয়ে তারা মালামালসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হন এবং গত শনিবার শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলার পর শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে একটি বিশেষ দল শহরের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে জাহেদ আলীকে গ্রেপ্তার করে।
 
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 
এদিকে জেলা জাসাসের আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল ও সদস্যসচিব জসীম উদ্দিন এক বিবৃতিতে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে জাহেদ আলীকে অনেক আগেই শ্রীমঙ্গল পৌর জাসাসের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

Share: