Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / শিল্পীসংকটে নাটক ইন্ডাস্ট্রি - Chief TV

শিল্পীসংকটে নাটক ইন্ডাস্ট্রি - Chief TV

2026-01-10  ডেস্ক রিপোর্ট  195 views
শিল্পীসংকটে নাটক ইন্ডাস্ট্রি - Chief TV

গত বছর ইউটিউবভিত্তিক নাটকে ব্যস্ত সময় পার করেছেন প্রযোজক আলি বাসীর। তার প্রযোজনায় মুক্তি পেয়েছে প্রায় ৩০০ নাটক। তবে নাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী নন। আলি বাসীর বলেন, গত বছরের ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নাটকের ইন্ডাস্ট্রি। তার ভাষায়, নাটকের অর্থায়নের বড় অংশ আসে স্পন্সর ও লগ্নিকারকদের কাছ থেকে। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় ব্যবসায়ীরা চাপে থাকায় নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না।

নাটকের অবনতির পেছনে আরেকটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন প্রধান অভিনেতা-অভিনেত্রীর সংকট। আলি বাসীরের মতে, গত দুই বছরে নাটক থেকে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী দূরে সরে গেছেন। জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তানজিন তিশাসহ যাদের বড় দর্শকভিত্তি ছিল, তাদের অনুপস্থিতিতে নাটকের বাজারে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

এদিকে নতুন বছরে কাজের ধরন ও মান নিয়ে ভাবছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, তিনি নতুন বছরে পুরোনো ভুল আর করতে চান না। নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে আরও পরিণত ও পরিকল্পিতভাবে এগোতে চান তিনি। তার লক্ষ্য—অভিনয়জীবনের পথটাকে আরও মসৃণ করা।

ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান মনে করেন, নাটকের মান কমে যাওয়ার পেছনে দর্শক চাহিদার একটি ভূমিকা আছে। তার মতে, ইউটিউব নাটকের বড় অংশের দর্শক গ্রামীণ ও জেলা পর্যায়ের, যারা মূলত কমেডি ঘরানার নাটক পছন্দ করেন। সেই চাহিদা মেটাতে গিয়ে গল্প ও নির্মাণে একঘেয়েমি তৈরি হয়েছে, ফলে নাটকের মানে ভাটা পড়েছে।

নির্মাতা ভিকি জাহেদ নতুন বছরে এক্সপেরিমেন্টাল কাজের দিকে ঝুঁকতে চান। তিনি বলেন, নির্মাতা হিসেবে উন্নতি করতে হলে গল্প ও জনরায় পরীক্ষা-নিরীক্ষার বিকল্প নেই। সব এক্সপেরিমেন্ট যে সঙ্গে সঙ্গে দর্শক গ্রহণ করবে, এমন নয়; তবে সময়ের সঙ্গে অনেক কাজই মূল্যায়িত হয়। ওটিটি, টিভি কিংবা অন্য যে কোনো মাধ্যমে ভিন্নধর্মী কাজ করার আগ্রহ তার।

অন্যদিকে, সময়কে নিজের মতো করে ব্যবহার করতে চান অভিনেত্রী হিমি। তিনি জানান, গত বছর প্রচুর কাজ করলেও নিজের ও পরিবারের জন্য সময় দেওয়া হয়নি। নতুন বছরে কাজের সংখ্যা কমিয়ে ব্যক্তিগত আগ্রহ—যেমন ছবি আঁকা ও বই পড়ায় সময় দিতে চান তিনি।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ নতুন বছরে আরও পরিকল্পিতভাবে এগোতে চান। সম্প্রতি নিজের প্রোডাকশন হাউস ‘ফড়িং ফিল্মস’ চালু করেছেন তিনি। এই ব্যানার থেকে নিয়মিত গান, ফিকশন ও ওটিটি কনটেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আসন্ন রোজার ঈদে তার অভিনীত একটি সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, তিনি এমন কাজের সঙ্গে যুক্ত হতে চান, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। বছরজুড়ে পরিকল্পিতভাবে কাজ করে নিজের অবস্থান ধরে রাখাই তার লক্ষ্য।


Share: