কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে এ আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোতে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৩টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি–৪ ব্লকে আগুন লাগে। প্রাথমিকভাবে ক্যাম্পের ভেতরে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত হওয়ায় আগুন দ্রুত পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের স্বেচ্ছাসেবকরাও আগুন নেভাতে সহযোগিতা করেন।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে শিখন কেন্দ্রসহ আশপাশের কয়েকটি শেড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়, আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।
উল্লেখ্য, এর আগেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে একটি হাসপাতাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ১০টির বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ক্যাম্পগুলোতে কার্যকর অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা জরুরি।