Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / নওগাঁয় ভোটগণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর - Chief TV

নওগাঁয় ভোটগণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর - Chief TV

2026-02-12  এ. কে. নোমান, নওগাঁ প্রতিনিধি  112 views
নওগাঁয় ভোটগণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর - Chief TV

নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সরেজমিনে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিজাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবিসংবলিত সিল দিয়ে রাখেন। অথচ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা শেষে ফলাফল শিট পূরণ ও তাতে স্বাক্ষর করার কথা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার বিষয়টি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এতে ভোটের ফলাফল নিয়ে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং অনেক সময় সময়সংকট দেখা দেয়। কাজের সুবিধার্থে ও সময় বাঁচানোর চিন্তা থেকে তিনি আগেই স্বাক্ষর করে রেখেছেন। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।

অন্যদিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য দ্রুত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

জানা গেছে, অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি ওই ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

 
 
 

Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়