Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা - Chief TV

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা - Chief TV

2026-04-04  বিনোদন ডেস্ক  174 views
লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা - Chief TV

অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জমকালো আয়োজনে বসে এবারের আসর। সাত বছর পর ফিরে আসা এই জমকালো আয়োজন ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা!

লাক্স সুপারস্টার-২০২৫ নির্বাচিত হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত বিদ্যা সিনহা মিম।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারকাখচিত এই গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারা। চূড়ান্ত পর্বে লড়াইয়ে অংশ নেন পাঁচ প্রতিযোগী। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা - Chief TV 1

এই পাঁচজনের মধ্য থেকেই এবারের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন বর্ণিতা। তার হাতে তুলে দেয়া হয় সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি। সেই সাথে বিলাসবহুল একটি গাড়িও বুঝিয়ে দেয়া হয়।

এছাড়া সেকেন্ড রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজনকে আধুনিক ও সময়োপযোগী করে সাজানো হয়েছে। শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল সেন্স এবং কনটেন্ট তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা - Chief TV 2

অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর বলেন,“লাক্স সুপারস্টারের সঙ্গে চ্যানেল আই এর এই প্ল্যাটফর্ম পেয়ে যারা সেই ২০০৫ সাল থেকে বেরিয়েছিলেন তারা চলচ্চিত্র, নাটক ওটিটি-তে শীর্ষ অবস্থান পৌঁছে গেছে। তারা প্রত্যেকে সত্যিকারের সুপারস্টার।”

প্রতিযোগিতার শুরু থেকেই অংশগ্রহণকারীদের গ্রুমিং ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন গুণী অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত বর্তমান সময়ের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, লক্ষাধিক আবেদন থেকে বাছাইয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর সেরা দশ এবং সেখান থেকে চূড়ান্ত পাঁচে জায়গা করে নেন এই প্রতিযোগীরা।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই, আইস্ক্রিনসহ চ্যানেল আইয়ের সব ডিজিটাল প্লাটফর্মে।


Share: