Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় নিয়ে সেমিনার - Chief TV

কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় নিয়ে সেমিনার - Chief TV

2026-01-27  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  167 views
কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় নিয়ে সেমিনার - Chief TV

সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ সেমিনারে শিক্ষাঙ্গন ও সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “মাদক শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সংকট। তরুণ সমাজকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে হলে শিক্ষাঙ্গন থেকেই মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “মাদক কোনো ব্যক্তিগত সমস্যা নয়—এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।” এ সময় তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দীন। তিনি বলেন, “মাদকবিরোধী আন্দোলন সফল করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শক্তিশালী সামাজিক প্রতিরোধ, আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আহসান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আল-আমিন মিয়া, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামসহ ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সংবলিত জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে সহায়ক হবে।


Share: