Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন আধ্যাত্মিক নেতা দালাই লামা - Chief TV

গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন আধ্যাত্মিক নেতা দালাই লামা - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  207 views
গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন আধ্যাত্মিক নেতা দালাই লামা - Chief TV

বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানব ঐক্যের বার্তার স্বীকৃতিস্বরূপ এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করলেন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। ৯০ বছর বয়সে এটি তার প্রথম গ্র্যামি জয়।

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় সোমবার অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর। সেখানে ‘সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে দালাই লামার স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘Meditations: The Reflection of His Holiness the Dalai Lama’ বিজয়ী হয়।

এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় ব্যক্তি কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান।

অ্যালবামে দালাই লামার বক্তৃতা ও শিক্ষার অংশ তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের কল্যাণ, শান্তি, পরিবেশ সুরক্ষা ও বৈশ্বিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি তৈরি হয়েছে গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় এবং বিশ্বের বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে।

এই প্রকল্পে দালাই লামার সঙ্গে কাজ করেছেন প্রখ্যাত সরোদ শিল্পী উস্তাদ আমজাদ আলি খান এবং তার দুই ছেলে আমান আলি ব্যাঙ্গাশ ও আয়ান আলি ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সঙ্গীতের সঙ্গে দালাই লামার বর্ণনা মিশিয়ে এতে শান্তি, দয়া, আশা ও সহমর্মিতার এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয়েছে।

পুরস্কার গ্রহণের সময় দালাই লামা জানান, “আমি এই সম্মান গ্রহণ করছি গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে। এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বজুড়ে শান্তি, মানবিক ঐক্য এবং পরিবেশ সংরক্ষণের বার্তার স্বীকৃতি।”

অ্যালবামে কাজ করা উস্তাদ আমজাদ আলি খান বলেন, “দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি আমার জন্য এক গভীর ব্যক্তিগত কাজ। শান্তি ও আশার অনুভূতিকে কেন্দ্র করে নতুন ধরনের চিন্তাশীল সংগীত তৈরি করতে পারা আমার কাছে বিরাট সম্মানের।”


Share: