২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, আর দলের তিনটি গোলই করেছেন মেসি।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন তারকা।
এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে লিখিয়েছেন মেসি। হ্যাটট্রিকের ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। আর একটি গোল করলেই তিনি এককভাবে শীর্ষে উঠে যাবেন।
আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। একই সঙ্গে মাঠে নামার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি।
জাতীয় দলের হয়ে এর আগে একাধিক হ্যাটট্রিক থাকলেও বিশ্বকাপে এটি ছিল তার প্রথম হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।
এছাড়া ৩৮ বছর বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারীদের তালিকায় নিজের নাম যুক্ত করেছেন মেসি। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
ম্যাচে দূরপাল্লার শট থেকে গোল করে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে গোলের সংখ্যাও বাড়িয়েছেন মেসি। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর একটি উল্লেখযোগ্য রেকর্ডের সমতায় পৌঁছেছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন সমর্থকরা।