বিশ্বব্যাংক আর্জেন্টিনাকে ঋণ সহায়তা দেওয়ার জন্য ২০০ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করেছে। চরম আর্থিক সংকটে জর্জরিত দেশটিকে ‘গ্যারান্টি-ব্যাকড ফিন্যান্সিং’ নামের একটি বিশেষ পরিকল্পনা বা প্যাকেজের আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে।
এই ব্যবস্থায় যদি ঋণগ্রহীতা কোনো কারণে নির্ধারিত সময়ে কিস্তির টাকা জমা দিতে না পারে, তবে অন্য কোনো প্রতিষ্ঠান ওই গ্রহীতার হয়ে সেই কিস্তির টাকা পরিশোধ করবে। এমন পদ্ধতিকেই গ্যারান্টি-ব্যাকড ফিন্যান্সিং বলা হয়।
মঙ্গলবার (১৬ জুন) আর্জেন্টিনার সরকারকে এই ঋণের অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে বিশ্বব্যাংক। দুটি প্রতিষ্ঠানের গ্যারান্টি বা নিশ্চয়তার ভিত্তিতে এই ঋণ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো— ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মাল্টিলিটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি।
বিশ্বব্যাংকের এই বাণিজ্যিক ঋণের মেয়াদ ৬ বছর; এর পাশাপাশি ‘গ্রেস পিরিয়ড’ বা অতিরিক্ত সময় হিসেবে দেওয়া হয়েছে আরও ৩ বছর। অর্থাৎ, ৬ বছর সময়ের মধ্যে যদি আর্জেন্টিনার সরকার ঋণ শোধ করতে পারে, তাহলে ভালো; আর যদি না পারে— তবে দেশটির সরকার টাকা পরিশোধের জন্য আরও ৩ বছর সময় পাবে।
প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকেই আর্জেন্টিনায় মূল্যস্ফীতি বাড়ছে। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ১০০-র কোঠা ছুঁয়েছে। এর ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া দামে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে।
আর্জেন্টিকার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই ব্যাপক অর্থনৈতিক চাপ সামাল দিতে বেশ কিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন, কিন্তু এখনো দেশটির অর্থনীতি পুরোপুরি গতিশীল হয়নি।