Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত - Chief TV

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  29 views
দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত - Chief TV

দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগের সময় প্রধানমন্ত্রীকে জনগণের পাশে না দেখে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় জুলাই পথসভা শেষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে ভেসে সব হারিয়ে দিশেহারা, তখন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি এ ঘটনায় নিন্দা জানান এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন।

এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণের পাশে থাকে না। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজপথে নেমেছিল। জনগণ দেশে সংস্কার, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন পুলিশ ব্যবস্থা চেয়েছিল। কিন্তু এখনো এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে দাবি করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আকস্মিক বন্যায় আহত ও নিহতদের স্মরণে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।


Share: